দিনাজপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দুই জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার ২৯ মার্চ ভোর ৫টায় বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোশারফ হোসেন বাবু। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। আহত ১০ জনকে উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *