৫০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

চলমান সংঘাতকে ঘিরে নতুন দাবি সামনে এনেছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধে ইতোমধ্যে ৫০০’র বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

আলী লারিজানি তার পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ভাঁড়ামোতে’ প্রভাবিত হয়ে ট্রাম্প মার্কিন জনগণকে ইরানের বিরুদ্ধে এক ‘অন্যায় যুদ্ধে’ টেনে এনেছেন।

লারিজানি প্রশ্ন তোলেন, গত কয়েক দিনে ৫০০-র বেশি মার্কিন সেনা নিহতের পর এখন ট্রাম্পকে হিসাব করতে হবে, আমেরিকা কি এখনও সবার আগে, নাকি ইসরায়েল?

তবে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত মাত্র ছয়জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে চারজন কুয়েতে নিহত হয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক এই উপদেষ্টা এক রহস্যময় বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, কাহিনী এখানেই শেষ নয়। ইমাম খামেনির শাহাদাতের জন্য তোমাদের চড়া মূল্য দিতে হবে। ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *