আগামী ১৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এর আগে পবিত্র ঈদুল ফিতরে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বুধবার (০৪ মার্চ) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
বিবৃতিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরে গণপরিবহন সংকটসহ নানা কারণে বাড়তি ভোগান্তি এড়িয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ১৮ মার্চ একদিনের ঈদের ছুটি বাড়ানো অথবা বিন্যাসের দাবি করছি।
